ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দেখা গেল আইনজীবীর ভূমিকায়। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে কালো গাউন পরে হাজির হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই হাইকোর্ট প্রাঙ্গণে পৌঁছান মমতা। তাকে আদালত চত্বরে দেখতে পেয়ে সমর্থক ও কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
সেদিন প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে আইনজীবীর পোশাকে উপস্থিত হয়ে বক্তব্য দেন তৃণমূল নেত্রী।
হাইকোর্টে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, এটি কলকাতা হাইকোর্টে তার প্রথম সওয়াল। তিনি জানান, ১৯৮৫ সালে বার কাউন্সিলে তার নাম নিবন্ধিত হয়েছিল এবং এরপর নিয়মিত সদস্যপদ নবায়ন করেছেন।
আদালতে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর রাজ্যে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
মমতা আরও বলেন, এসব বিষয়ে প্রতিদিন অভিযোগ আসছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে অতিরিক্ত হলফনামার মাধ্যমে এসব অভিযোগ উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মমতার হাইকোর্টে উপস্থিতির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে ‘সত্য ও ন্যায়বিচারের পক্ষে লড়াই করা নেতা’ হিসেবে উল্লেখ করা হয়।
মমতার আদালতে উপস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।