দেশের প্রতিটি মেয়ের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মেয়েদের স্বপ্ন ও সম্ভাবনার পথে কোনো বাধা নয়, বরং রাষ্ট্রই হবে তাদের এগিয়ে যাওয়ার শক্তি।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, উন্নয়ন সহায়তা ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে নারীদের অবদান আরও বাড়বে।
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে পারিবারিক সচ্ছলতা বাড়বে, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং দারিদ্র্য কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানের শুরুতে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। পরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অনেকে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।