নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭), এবং ছেলে মুন্না (১২)।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার একটি কক্ষে গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। পরে ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে বিকট বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ইনস্টিটিউটের আবাসিক মেডিক্যাল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, কথার ৫২ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং মুন্নার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের মতে, আহতদের সবার অবস্থাই সংকটাপন্ন।
এখনো কোনো মতামত নেই।