ব্রাজিলিয়ান তারকা নেইমার-এর বিরুদ্ধে অনুশীলনে সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে তার ক্লাব সান্তোস।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার অনুশীলনের সময় সতীর্থ রবিনিও জুনিয়র-কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। ঘটনার পরই ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে।
ক্লাব সূত্রে জানা যায়, অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যাওয়ার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে নিজেকে অসম্মানিত মনে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই ফরোয়ার্ড। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেইমার নাকি রবিনিও জুনিয়রকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে অন্য সতীর্থরা হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন।
এক বিবৃতিতে সান্তোস জানায়, একজন খেলোয়াড়ের বিরুদ্ধে আরেকজন খেলোয়াড়ের শারীরিক আক্রমণের অভিযোগ তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ক্লাবের আইন বিভাগও ঘটনাটি খতিয়ে দেখছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং মুখে চড় মারা হয়েছে। এমনকি নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের কথাও তিনি বিবেচনা করছেন বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন নেইমার। তিনি ফোন ও বার্তার মাধ্যমে রবিনিও জুনিয়র এবং তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা রবিনিও-এর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে সুযোগ পাওয়া এই তরুণ চলতি মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন।