কুমিল্লার চান্দিনায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারী সংঘবদ্ধ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. আশিক (৩১), মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার এক দম্পতি রবিবার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চান্দিনার মাদারপুর গ্রামের আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ১০টার দিকে কামাখোলা এলাকায় পৌঁছালে গাড়ির ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর তারা হেঁটে যাওয়ার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী তাদের পথরোধ করে।
ভুক্তভোগীর স্বামী জানান, প্রথমে তিনজন মোটরসাইকেল নিয়ে এসে তাদের সঙ্গে অসদাচরণ শুরু করে। পরে আরও কয়েকজনকে ডেকে আনা হয়। একপর্যায়ে তার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় এবং তাকে দূরে সরিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, তিনি ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক একজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।