পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ দুলতে শুরু করে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।
স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বাসটি খাদে পড়ে আছে। তখন যাত্রীদের চিৎকার শুনে আমরা উদ্ধার কাজে নেমে পড়ি।”
আহত এক যাত্রী মাহাবুব জানান, চলন্ত অবস্থায় বাসটি আচমকা কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের নিচে আটকা পড়েন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তিনি উপজেলার বামনকাঠি এলাকার বাসিন্দা ছিলেন।
আহতদের মধ্যে অন্তত ৭ থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বাসটি সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।