রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে এমন পরিবর্তন স্বাভাবিক হলেও হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।