ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মামলা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মামলার নথি ডাকযোগে অভিযুক্তদের ঠিকানায় পাঠানো হচ্ছে।
আজ রবিবার সিসি ক্যামেরা/ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা সতর্কীকরণ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরে চলাচলরত ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের মালিক বা চালকের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্রের মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার ব্যবহার করে নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর মালিক বা চালকরা ডিএমপি সদর দপ্তর অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধের মাধ্যমে মামলা নিষ্পত্তি করছেন।
তবে নোটিশ পাওয়ার পরও যদি কেউ ট্রাফিক বিভাগে উপস্থিত না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
ডিএমপি আরও জানিয়েছে, জরিমানা পরিশোধ বা মামলার নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করতে চালকদের সতর্ক থাকতে হবে।
এছাড়া কেউ যদি সিসি ক্যামেরা বা ভিডিও মামলার নামে অর্থ দাবি করে প্রতারণার চেষ্টা করে, তবে তা নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।