দীর্ঘদিনের নীরবতার পর আবারও আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা Asim Azhar ও Hania Aamir। সাম্প্রতিক কিছু ঘটনার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে ভক্তমহলে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কনসার্টে পারফর্ম করার সময় আসিম আজহার যেভাবে হানিয়ার দিকে তাকিয়ে আবেগঘনভাবে গান গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর কেড়েছে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনকে ঘিরে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে আসিমের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্ট। সেখানে হানিয়া আমির ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। মুখ ঢাকতে যে লাল ব্যান্ডানা ব্যবহার করেন, তাতে বড় অক্ষরে লেখা ছিল ‘Asim Ali’। বিষয়টি ভক্তদের কাছে নিছক কাকতালীয় মনে হয়নি, বরং অনেকেই এটিকে তাদের সম্পর্কের একটি ‘সফট ইঙ্গিত’ হিসেবে দেখছেন।
ভক্তদের মতে, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই দুজন যেন ধীরে ধীরে তাদের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন। কখনো চোখের ভাষা, কখনো কাছাকাছি থাকা—সবকিছু মিলিয়ে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে।
এদিকে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে তাদের বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ সব ভুল বোঝাবুঝি মিটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা, তবে তাদের সাম্প্রতিক আচরণ অনেকের কাছে সম্পর্ক পুনরুজ্জীবনের ইঙ্গিত দিচ্ছে।