বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
রাজধানীর হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ সন্ধ্যা সাড়ে ৭টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন সভাপতিত্ব করবেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও এভিয়েশন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
বিমান কর্মকর্তাদের মতে, বহর আধুনিকায়ন, দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুট সম্প্রসারণই এই ক্রয়ের মূল লক্ষ্য। নতুন ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে ব্যবহৃত হবে, আর ৭৩৭ ম্যাক্স ব্যবহার করা হবে স্বল্প দূরত্বের ফ্লাইটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় এটিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এয়ারবাস ও বোয়িং-এর প্রতিযোগিতার মধ্যেও বিমানের বহর সম্প্রসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হলো বলে মনে করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।