উন্নত জীবনের আশায় ইউরোপগামী একটি নৌকায় চেপে বসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনল ভূমধ্যসাগর। নৌকা বিকল হয়ে আট দিন সাগরে ভেসে থাকার পর অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন আরও নয়জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, দীর্ঘ সময় সাগরে আটকে থাকার ফলে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকটে পড়েন যাত্রীরা। একপর্যায়ে ক্লান্তি, পানিশূন্যতা ও অনাহারে একে একে প্রাণ হারান তারা।
পরে পূর্ব লিবিয়ার উপকূলীয় এলাকা থেকে কয়েকজন জীবিতকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় লিবিয়ার নৌবাহিনী, কোস্ট গার্ড এবং রেড ক্রিসেন্টের সদস্যরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
নিখোঁজদের বিষয়ে আশঙ্কা করা হচ্ছে, তাদের অনেকেই সাগরে মারা গেছেন এবং মরদেহ ভেসে আসতে পারে। তবে নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অভিবাসীদের একটি প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথ বেছে নিচ্ছেন।
এদিকে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযানও জোরদার করেছে লিবিয়ার কর্তৃপক্ষ। সম্প্রতি একাধিক পাচারচক্রের সদস্যদের গ্রেপ্তার ও দণ্ড দেওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে আন্তর্জাতিক সমন্বয় জরুরি হয়ে উঠেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।