বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার পরিবার। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
তিনি বলেন, “বর্তমানে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা তাকে নিয়ে দেশে ফিরব।”
এর আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জানিয়েছিলেন, সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি এখন থেরাপি নিচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন। চিকিৎসকরা তাকে বসতে এবং অল্প কথা বলতে পারার বিষয়টিকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন।
পরবর্তীতে উন্নত ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে তাকে আরও নিবিড় চিকিৎসা নিতে হবে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।