দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তবে দুর্যোগে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিতভাবে সহায়তা বিতরণ করা হবে। কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
সরকারপ্রধান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পৌঁছে দেওয়া হবে।