দীর্ঘ প্রতীক্ষার পর নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ‘পেটাল’ নামের এই নতুন অ্যালবামটি আগামী ৩১ জুলাই রিপাবলিক রেকর্ডসের মাধ্যমে প্রকাশিত হবে।
আরিয়ানা এই অ্যালবামকে বর্ণনা করেছেন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার এক গল্প হিসেবে। তার ভাষায়, এটি এমন একটি সৃষ্টিকর্ম, “যা জীবনশক্তিতে ভরপুর এবং কঠিন পরিস্থিতির মধ্যেও বেড়ে উঠতে জানে।”
অ্যালবামটির নির্বাহী প্রযোজনা ও সঙ্গীত রচনায় তার সঙ্গে কাজ করেছেন সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া সালমানজাদেহ। তিনি এর আগে আরিয়ানার সফল অ্যালবাম ‘ইটার্নাল সানশাইন’-এও কাজ করেছিলেন।
নতুন অ্যালবামের পাশাপাশি আগামী জুন থেকে গ্রীষ্মকালীন ট্যুর শুরু করার ঘোষণাও দিয়েছেন এই পপস্টার। তবে ভক্তদের জন্য কিছুটা হতাশার খবরও রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সফরই হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ বড় ট্যুর।
আরিয়ানা বলেন, তিনি এই ট্যুরে নিজের সর্বোচ্চটা দিতে চান এবং ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য বড় কোনো কনসার্ট সফরে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত তিন বছর ধরে তিনি ‘উইকেড’ চলচ্চিত্র এবং আগের সংগীত প্রকল্পগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। এখন ‘পেটাল’ অ্যালবামের মাধ্যমে তিনি সংগীত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত এখন নতুন গান শোনার অপেক্ষায় রয়েছেন।
সূত্র: ভ্যারাইটি