পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৭ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪২টি, সৌদি এয়ারলাইনসের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজযাত্রীদের মধ্যে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেন।
মৃতদের মধ্যে রয়েছেন রংপুরের কোতোয়ালির মো. শামসুল আলম (৬৩), যিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়। এটি চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনার প্রথম হজযাত্রীর মৃত্যু।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান।
এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।