ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী Munira Mahjabin Mimo-এর আত্মহত্যার ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক Sudip Chakraborty-কে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত সোমবার (২৭ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান Kazi Tamanna Haque Sigma স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুকে কেন্দ্র করে বিভাগ গভীরভাবে শোকাহত। ঘটনার পর সংশ্লিষ্ট মামলায় শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
পরিস্থিতি পর্যালোচনার জন্য ২৬ এপ্রিল বিভাগের বিশেষ একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ক্লাস, পরীক্ষা বা একাডেমিক কমিটিতে অংশ নিতে পারবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এর আগে, গত রবিবার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়, যেখানে অর্থ লেনদেন ও ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত ইঙ্গিত ছিল।
পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।