মা ও বোনদের জন্য নতুন সুবিধা হিসেবে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মতোই এই কার্ডের মাধ্যমে নারীদের হাতে এলপিজি সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশজুড়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো জনগণ তাদের জবাব দেবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এবং কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।