আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের মতো টি–টোয়েন্টি সিরিজেও মূল একাধিক ক্রিকেটারকে ছাড়াই খেলতে নামছে নিউ জিল্যান্ড। ফলে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামছে কিউইরা।
তবে এটিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। তার মতে, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে দলের বেশিরভাগ ক্রিকেটারের, যা আন্তর্জাতিক ম্যাচে কাজে লাগাতে পারবে তারা।
ফেব্রুয়ারি–মার্চে টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ইশ সোধি ছাড়া বাংলাদেশ সিরিজে কিউই দলে আর কোনো বড় অভিজ্ঞ মুখ নেই। ল্যাথাম নিজেও গত তিন বছরে খেলেছেন মাত্র তিনটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি।
তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে আলো ছড়িয়েছেন ডিন ফক্সক্রফট, যেখানে ছিল ৭টি ছক্কা। এছাড়া নিক কেলি ও নাথান স্মিথও ছিলেন ভালো ফর্মে। দলে আছেন তরুণ ও আক্রমণাত্মক ব্যাটার কাটেন ক্লার্কও।
ল্যাথাম তাদের ওপরই ভরসা রাখছেন। সিরিজ শুরুর আগের দিন তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতাই এই সিরিজে বড় ভূমিকা রাখবে।
তার ভাষায়, আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার কারণে ক্রিকেটাররা যথেষ্ট প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তাদের আত্মবিশ্বাস দেবে।
তিনি আরও বলেন, টি–টোয়েন্টি ফরম্যাটে সবাই খেলতে পছন্দ করে, কারণ এটি দ্রুতগতির ও বিনোদনমূলক। তাই এই সিরিজ নিয়ে দল বেশ উচ্ছ্বসিত।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। বিদ্যুৎ সাশ্রয়ের কারণে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।