মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও চলতি বছরের হজে অংশ নিতে প্রস্তুত হচ্ছেন হাজারো ইরানি নাগরিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ হাজার হাজি এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই যাত্রা শুরু হবে। ইতোমধ্যে একটি প্রতিনিধি দল সৌদি আরব পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম শুরু করেছে।
প্রথম দফায় হজযাত্রীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী মদিনায় পৌঁছাবেন। এরপর তারা পবিত্র নগরী মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
যাত্রাপথ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও, সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সংস্থাটির এক প্রতিনিধি জানান, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
এদিকে সৌদি আরব জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হজ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগত মুসল্লিদের আন্তরিকভাবে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে।