দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে উগ্রবাদী হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার বিষয়টি স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তবে বর্তমানে দেশে কোনো জঙ্গি বা উগ্রবাদী সংগঠনের সক্রিয় উপস্থিতি রয়েছে কি না— এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন। তিনি বলেন, সতর্কবার্তাটি তারা পেয়েছেন এবং বিষয়টি সাইবার ইন্টেলিজেন্স টিম দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কোন সংগঠন বা গোষ্ঠী এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত— সে বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
জনমনে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্কবার্তা পাঠানো হয়।
ওই বার্তায় নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। যদিও সংগঠনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, সেখানে একাধিক ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য উল্লেখ রয়েছে।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া একজন সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে— এমন বিষয়ও তদন্তাধীন রয়েছে।
তবে এসব বিষয়ে নিরাপত্তার স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।