নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো খেলার মাঠেই হঠাৎ জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে একটি প্রীতি ম্যাচে, যেখানে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
গত শুক্রবার কাদুনায় স্থানীয় পর্যায়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, মাঠেই দীর্ঘ সময় ধরে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল।
এই ঘটনায় পুরো নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করা কঠিন।
এনেরামো নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচে ৩টি গোল করেছিলেন। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর তিনি দ্রুত দলে জায়গা করে নেন এবং পরবর্তীতে ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে খেলেন।
‘দ্য ট্যাংক’ ডাকনামে পরিচিত এই স্ট্রাইকার নাইজেরিয়ার লোবি স্টারস ক্লাব থেকে উঠে এসে আন্তর্জাতিক ফুটবলে নিজের শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিতি পান।
তার আকস্মিক মৃত্যুতে নাইজেরিয়ান ফুটবল অঙ্গনে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।