নুহাশ হুমায়ূন বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন তাঁর বহুল আলোচিত চলচ্চিত্র মুভিং বাংলাদেশ দিয়ে। দীর্ঘ প্রস্তুতি শেষে শুরু হয়েছে সিনেমাটির শুটিং, যা নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রপাড়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পাওয়া নুহাশ এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে কাজ করছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কাস্টিং ঘোষণা করা হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। তিনি ইতোমধ্যে কয়েক দিনের শুটিংও শেষ করেছেন।
এছাড়া সিনেমাটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে তিনি এখনো শুটিংয়ে অংশ নেননি, শিগগিরই তাঁর অংশের দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।
‘মুভিং বাংলাদেশ’-এর গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। প্রায় ছয় বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন নুহাশ হুমায়ূন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এটি অনুদানও পেয়েছে।
সিনেমাটির প্রযোজনায় রয়েছে দেশের গুপী বাঘা প্রোডাকশনসহ একাধিক আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠান।
বর্তমানে ঢাকার প্রায় ২০টি লোকেশনে টানা শুটিং চলছে। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।