বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ আবারও ফিরছেন তার পরিচিত সায়েন্স ফিকশন ঘরানায়। তার নতুন সিনেমা ডিসক্লোজার ডে-এর একটি নতুন টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স, যেখানে প্রথমবারের মতো সরাসরি এলিয়েনদের উপস্থিতি দেখানো হয়েছে।
এর আগে প্রকাশিত ট্রেলারগুলোতে এলিয়েনদের রহস্য আড়ালে রাখা হলেও, নতুন এই সংক্ষিপ্ত প্রোমোতে সেই রহস্য কিছুটা উন্মোচিত হয়েছে। টিজার অনুযায়ী, সিনেমার গল্প ঘুরপাক খাচ্ছে প্রায় ৭৯ বছর ধরে গোপন রাখা এক মহাজাগতিক সত্যকে কেন্দ্র করে।
টিজারে দেখা যায়, কোলম্যান ডোমিঙ্গো অভিনীত চরিত্র হুগো ওয়েকফিল্ড বলছেন দীর্ঘদিন ধরে সত্য গোপন রাখা হয়েছে। অন্যদিকে কলিন ফার্থ অভিনীত নোয়া স্ক্যানলন সতর্ক করেন, মানবজাতি হয়তো এখনো সেই সত্য গ্রহণের জন্য প্রস্তুত নয়।
সংক্ষিপ্ত এই টিজারে বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যও দেখা যায়। জশ ও’কনর-কে রহস্যময় ‘ক্রপ সার্কেল’-এর মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া একটি দৃশ্যে এমিলি ব্লান্ট ও জশ ও’কনরকে আতঙ্কের মধ্যে একে অপরের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায়।
টিজারের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষ দৃশ্যে, যেখানে একটি ভিনগ্রহী তার লম্বা আঙুল দিয়ে একটি শিশুর মুখ স্পর্শ করছে যা দর্শকদের মধ্যে কৌতূহল ও রহস্য আরও বাড়িয়ে তুলেছে।
এই সিনেমার মাধ্যমে ‘ইটি’ এবং ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’-এর মতো কালজয়ী সায়েন্স ফিকশন নির্মাণের পর আবারও একই ঘরানায় ফিরলেন স্পিলবার্গ।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তার দীর্ঘদিনের সহযোগী ডেভিড কোয়েপ। এতে আরও অভিনয় করেছেন ইভ হিউসন ও ওয়াইট রাসেল। গত ডিসেম্বর ট্রেলার প্রকাশের পর এবার নতুন টিজার ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। আগামী ১২ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।