প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নতুন ব্যবস্থায় একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগের তুলনায় অনেক কম।
বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় অত্যন্ত সাধারণ খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল ভাত, লাউ ও ছোট চিংড়ি, ঢেঁড়শ ভাজি, ডিম, ডাল এবং দই।
তার বক্তব্য অনুযায়ী, সরকারি ব্যয় সংকোচন এবং সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দক্ষতা বাড়ানোর দিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন খাতে ব্যয় কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ। এর মাধ্যমে সাশ্রয়ী ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা চলছে।