সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার দুপুরের দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মা ও শিশুকে কারাগার থেকে বের করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
তবে জামিনের আদেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট নথিতে সই সম্পন্ন না হওয়ায় তাৎক্ষণিকভাবে মুক্তি সম্ভব হয়নি। ফলে সন্তানসহ তাকে আরও একটি রাত কারাগারে থাকতে হয়।
পরবর্তীতে বুধবার সকালে জামিন সংক্রান্ত কাগজপত্র সম্পূর্ণ হলে তা দ্রুত কারাগারে পাঠানো হয়। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।
কারা সূত্র জানায়, মুক্তির সময় প্রয়োজনীয় সব নিয়ম মেনেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।