চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা কেজি।
বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এ তথ্য গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু করবে সরকার। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সরকার জানিয়েছে, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়া গম আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম কেনা হবে বলেও জানানো হয়।