সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবারও তাপমাত্রার একই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং ছয় বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।