২০২৬ সালের হজ মৌসুমে প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা ও সেবা কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন। বর্তমানে আশকোনা হজ ক্যাম্প হজযাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে। এখানে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ ব্যবস্থাপনায় যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই নাস এয়ারলাইন্স এই তিনটি বিমান সংস্থা হজ ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৬৬৭ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,২২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এখন পর্যন্ত মোট ১২,৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন, তবে এখনও বড় একটি অংশ যাত্রার অপেক্ষায় রয়েছে। বর্তমানে আরও ৬৫,৩৯৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অপেক্ষায় আছেন।
মোট ফ্লাইট সূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়।