সোমবার (২০ এপ্রিল) ইলন মাস্ককে প্যারিসে হাজির হয়ে স্বেচ্ছায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলমান একটি তদন্তের অংশ হিসেবে এই সমন জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যালগরিদম ব্যবহার করে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। তবে মাস্ক আদৌ হাজির হবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে এএফপি।
তদন্ত আরও বিস্তৃত করে ফরাসি প্রসিকিউটররা এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’-এর বিরুদ্ধেও অভিযোগ যুক্ত করেছেন। অভিযোগে বলা হয়েছে, এই চ্যাটবটের মাধ্যমে হলোকাস্ট অস্বীকার এবং আপত্তিকর ডিপফেক ছবি ছড়ানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে প্যারিসে এক্সের অফিসে তল্লাশি চালানো হয়, যাকে কোম্পানিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিল।
তদন্তের অংশ হিসেবে এক্সের সাবেক সিইও লিন্ডা ইয়াকারিনোকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, মাস্ক বা অন্য কেউ হাজির না হলেও তদন্ত কার্যক্রম চলবে।
ফরাসি তদন্তকারীরা এক্সের বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগ খতিয়ে দেখছেন, যার মধ্যে রয়েছে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট সংরক্ষণে সহায়তা এবং মানবতাবিরোধী অপরাধ অস্বীকার করার মতো বিষয়।
প্রসিকিউটর লর বেক্যু জানান, ২০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে এক্সের কর্মীদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। মাস্কের সাক্ষাৎকার কোথায় এবং কখন হবে, সে বিষয়ে নিরাপত্তার কারণে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে ‘গ্রোক’ নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, এই এআই চ্যাটবট ব্যবহার করে নারী ও শিশুদের আপত্তিকর ও নগ্ন ছবি তৈরি করা হচ্ছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (CCDH) দাবি করেছে, মাত্র ১১ দিনে গ্রোক প্রায় ৩০ লাখ আপত্তিকর ছবি তৈরি করেছে, যার বড় অংশ শিশুদের মতো দেখতে।
এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও এক্স এবং এক্সএআই-এর বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে। ফ্রান্সের এই পদক্ষেপকে ইলন মাস্কের প্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।