নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে ১০ জনকে হত্যার দায়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ এই শুনানি অনুষ্ঠিত হয়। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করায় আদালত আগামী ২৩ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। মামলায় শামীম ওসমান ছাড়াও তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু এবং যুবলীগ নেতা শাহ নিজামকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
প্রসিকিউশন জানিয়েছে, এই ১০ হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে এবং তা প্রমাণের জন্য ৬৩ জন সাক্ষী ও ১৬টি অডিও-ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।