আগামী এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র প্রবেশ এবং পরীক্ষা পরিচালনার নীতিমালায় নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশে যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের ক্ষেত্রে পূর্বের নির্ধারিত সময় সংক্রান্ত নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।
‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার বাতিল: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ নির্দেশনায় পাবলিক পরীক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ‘সাইলেন্ট এক্সপেল’ (নীরব বহিষ্কার) প্রথাটি পুরোপুরি বাতিল করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত প্রকাশের তারিখ থেকেই সংশ্লিষ্ট নীতিমালার ২৯ নম্বর ধারাটি বাতিল বলে গণ্য হবে। এর ফলে এখন থেকে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে আর অপ্রকাশ্য বা পরোক্ষভাবে বহিষ্কার করা যাবে না।