বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে দেশের সক্ষমতার শক্তিশালী প্রতিনিধি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন শেখ রবিউল আলম।
শনিবার চট্টগ্রামের চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট এ অনুষ্ঠিত ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে। মেরিটাইম খাতের তরুণরাই বিশ্ব দরবারে দেশের নতুন দূত হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, বরং এটি শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতে এই ক্যাডেটরা যখন বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করবে, তখন তাদের পেশাদারিত্বই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
পৃথিবীর বিশাল জলভাগকে আধুনিক অর্থনীতির প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাহাজ পরিচালনা বা নৌ চলাচলের যেকোনো ক্ষেত্রে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মেরিটাইম প্রশিক্ষণের মতো দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। নব্বইয়ের দশক থেকে এই প্রতিষ্ঠান দক্ষ জনবল তৈরি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি আরও জানান, সরকার এই খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে কাজ করছে। ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে।
অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের শৃঙ্খলা ও কুচকাওয়াজ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করা ক্যাডেটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মন্ত্রী।