তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর বিষয়ে সরকার কাজ করছে।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও সাংবাদিকরা এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থেকে কাজ করছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। এই বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে এসে আর্থিক সংকটে পড়েন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি বলেন, মেধাবী ও দক্ষ মানুষদের ধরে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি। সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।