ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নাম লেখান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মনে করেন, ডিপিএল মাঠে ফেরানোর পেছনে বড় অবদান রেখেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
দলবদলের সময় মাহমুদউল্লাহ বলেন, প্রিমিয়ার লিগ শুরু হতে যাওয়াটা সবচেয়ে স্বস্তির খবর। ক্রিকেটাররা অনেক দিন ধরেই এই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং এটি তাদের জন্য আনন্দের বিষয়।
তামিমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই উদ্যোগ নেওয়ার জন্য কৃতিত্ব তামিমেরই প্রাপ্য। ডিপিএল শুধু আয়ের উৎস নয়, খেলোয়াড়দের জন্য মাঠে খেলার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় বিষয়।
এদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ২০০৫ সালের পর আবারও এই দলের হয়ে খেলতে পারছেন তিনি। তার মতে, প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করা এবং উন্নত সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে।