বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। সম্প্রতি একটি সিনেমার শুটিং সেটে তার সঙ্গে কাজ করতে গিয়ে সালমানের পেশাদারিত্ব ও মানবিক আচরণে মুগ্ধ হয়েছেন তিনি।
চিত্রাঙ্গদা জানান, সালমান খানের কাজের প্রতি মনোযোগ এবং নিবেদন অন্যদের জন্য অনুপ্রেরণার মতো। তার ভাষায়, সালমান প্রায় সময়ই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং সিনেমার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর দেন।
তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, একটি আবেগঘন দৃশ্যের সময় সালমানের উপস্থিত থাকার প্রয়োজন না থাকলেও তিনি সেটে এসে সহশিল্পীর অভিনয়ে সহযোগিতা করেছেন, যাতে দৃশ্যটি আরও নিখুঁতভাবে ধারণ করা যায়।
সেটের পরিবেশ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, সালমান খুব সহজ-সরলভাবে সবার সঙ্গে মিশে যান এবং ইউনিটের প্রতিটি সদস্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখেন। তিনি কখনো চাপ সৃষ্টি করে কাজ করাতে পছন্দ করেন না, বরং আনন্দদায়ক পরিবেশেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
চিত্রাঙ্গদা আরও জানান, সহকর্মীদের প্রতি সালমানের যত্নশীল মনোভাব বিশেষভাবে নজরকাড়া। শুটিং চলাকালীন ইউনিটের সবাই ঠিকভাবে খাবার পাচ্ছে কি না, সেটিও তিনি খেয়াল রাখেন।
সবমিলিয়ে, এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা চিত্রাঙ্গদার কাছে শুধু একটি পেশাগত কাজ নয়, বরং একজন তারকার ব্যক্তিত্ব ও মানবিক দিক কাছ থেকে দেখার সুযোগ হিসেবে ধরা দিয়েছে।