রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল প্রায় ৯টার দিকে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি মহাখালী সংলগ্ন এলাকায় ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ফেসবুক পেজে জানানো হয়, ‘ক্ষণিকা’ নামের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। সংগঠনের নেতারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে আরও আপডেট জানানো হবে।