আসন্ন পহেলা বৈশাখ উদযাপন ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ও পর্যবেক্ষণ টিম।
তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড মাঠে কাজ করছে। পাশাপাশি সারাদেশে কন্ট্রোল রুম, সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে এবারের নববর্ষ উৎসব আগের বছরের তুলনায় আরও আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে বলেও আশা প্রকাশ করেন র্যাবের মহাপরিচালক।