সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বড় ধরনের স্বর্ণ পাচার রোধ করেছে Border Guard Bangladesh।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি টহল দল অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে থামতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেগুলো খুলে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দ করা স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।