প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষাক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তার দাবি, এ সময় কোনো কার্যকর ভিশন ছিল না।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এইচএসসি পাসের পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, ফলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু করতে হচ্ছে। শিক্ষার লক্ষ্য খুব সীমিত উল্লেখ করে তিনি বলেন, অন্তত ৬৫ শতাংশ শিক্ষার্থী যেন ভালোভাবে বাংলা ভাষা বলতে পারে এটাই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো উন্নয়ন করা হলেও শিক্ষার প্রকৃত মানোন্নয়ন হচ্ছে না। তার মতে, পাঠ্যক্রম, শ্রেণিকক্ষ এবং শিক্ষার পরিবেশ সবকিছুতেই আরও উন্নয়ন প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেন, শ্রেণিকক্ষে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে হবে এবং প্রধান শিক্ষকদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ২০২৬ সালের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি শিক্ষকদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকার অবকাঠামো উন্নয়ন করতে পারে, কিন্তু মেধাবী শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপগঞ্জে কোনো শিক্ষার্থী যেন ড্রপআউট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, করোনা ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশে শিক্ষা খাত রাজনৈতিক প্রভাবের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া পুলিশ সুপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।