মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব কাটিয়ে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে এয়ার অ্যারাবিয়া।
সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে মোট ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে কিছুদিন ফ্লাইট কার্যক্রমে বিঘ্ন ঘটে। বর্তমানে ধাপে ধাপে সেই কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে এয়ারলাইন্সটি। তাদের গন্তব্য তালিকায় মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, যেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত।
এদিকে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা এখনো টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলেও জানিয়েছে এয়ার অ্যারাবিয়া।