বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি খাতে সরকারের কঠোর তদারকির অভাবে বর্তমান সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তার দাবি, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে যেন তেলের কোনো অভাব নেই সরকারি দলের বক্তব্যে এমনই প্রতিফলন দেখা যায়। তার ভাষায়, “কিছু অসৎ ও দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে দেশ আজ সমস্যায় পড়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক সিন্ডিকেটের প্রভাবে জ্বালানি সংকট চললেও খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। অনেক সময় পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি পাওয়া যায় না, অথচ বাইরে উচ্চমূল্যে তা সহজেই পাওয়া যায়।
তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতির প্রভাব কৃষিখাতেও পড়ছে। বিশেষ করে সেচের জন্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বেশি হওয়ায় সংকট দীর্ঘ হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।