রাজধানীর সবজির বাজারে হঠাৎ করেই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে এখন প্রায় সব ধরনের সবজি কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এই দাম বাড়ছে। বিশেষ করে জ্বালানি সংকটের প্রভাব সরাসরি পড়েছে বাজারে।
বর্তমানে গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা এবং চিচিঙ্গা ও করলা ১০০ টাকায়। পেঁপে পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। এছাড়া মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা এবং পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ঢেঁড়সের কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়াও ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কচুর লতি ৮০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা এক সরকারি চাকরিজীবী জানান, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে এবং কয়েকদিন ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে।
মালিবাগের এক বিক্রেতা বলেন, পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, পাশাপাশি মৌসুম পরিবর্তনের কারণে সরবরাহ কমে গেছে।
তবে ব্যবসায়ীরা আশা করছেন, নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা স্বাভাবিক হতে পারে।