আইসিসি নারী ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং আবারও শীর্ষে উঠেছেন। ৭৫৩ রেটিং নিয়ে তিনি ইংল্যান্ডের পেসার সোফি এক্লেস্টোনকে পেছনে ফেলে ওয়ানডে বোলারের তালিকার এক নম্বরে চলে এসেছেন। এক্লেস্টোন এই সপ্তাহে মাত্র ৬ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অ্যালানা কিং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখান। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তিনি ৫ উইকেট নেন। এর ফলে এক সপ্তাহ পর আবারও শীর্ষে ফিরে আসেন কিং। এর আগে গত মার্চে প্রায় চার বছর শীর্ষে থাকা এক্লেস্টোনকে সরিয়ে এক নম্বর বোলার হন তিনি।
বোলিংয়ের পাশাপাশি অ্যালানা কিং অলরাউন্ডার তালিকায়ও উন্নতি করেছেন এবং এখন সপ্তম স্থানে অবস্থান করছেন। নারী ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডার র্যাংকিংয়ে যথাক্রমে ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার শীর্ষে রয়েছেন।