ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করায় হলিউড অভিনেতা জর্জ ক্লুনি হোয়াইট হাউসের কটাক্ষের শিকার হয়েছেন। ট্রাম্প প্রশাসন তাকে ‘ব্যর্থ অভিনেতা’ বলে অভিহিত করলে ক্লুনি পাল্টা কড়া জবাব দিয়েছেন।
ক্লুনির মতে, বর্তমান বৈশ্বিক সংকটের সময় ব্যক্তিগত আক্রমণ না করে আন্তর্জাতিক ইস্যুতে মনোযোগ দেওয়া উচিত ট্রাম্পের। ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক বিবৃতিতে ক্লুনি বলেন, “যখন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি অস্থির, তখন প্রশাসনের ‘শিশুসুলভ গালিগালাজ’ করার কোনো সময় নেই।”
তিনি ট্রাম্পের হুমকিকে আন্তর্জাতিক আইনের আলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেও উল্লেখ করেন। মজার ছলে যোগ করেন, “আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা হয়েছে, যা আমি সানন্দে মেনে নিই, বিশেষ করে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ সিনেমার পর।”
এর আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প ইরানকে হুমকি দেন, “যুদ্ধবিরতির শর্ত না মানলে একটি সভ্যতা ধ্বংস করা হবে।” ক্লুনি ইতালিতে শিক্ষার্থীদের সামনে বলেন, “যে কেউ ট্রাম্পকে ভালো ব্যক্তি মনে করতে পারে, কিন্তু সভ্যতা ধ্বংসের কথা বলা যুদ্ধাপরাধ।”
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং পাল্টা মন্তব্য করে বলেন, জর্জ ক্লুনি তার ‘বাজে সিনেমা ও নিকৃষ্ট অভিনয়ের মাধ্যমে যুদ্ধাপরাধ করছেন’।
এর আগে মার্ক রাফালো, জন কিউস্যাক ও স্টিফেন কিংয়ের মতো হলিউড তারকারাও ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছেন।