রাজধানীর ফার্মগেট এলাকায় বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে যায় এবং চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।