এবারের ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’ আন্তর্জাতিক মঞ্চেও প্রবেশ করল। ইতালির রাজধানী রোম-এর একটি প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল সিনেমাটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। এবার আন্তর্জাতিক দর্শকদের প্রতিক্রিয়ায় পুরো টিম আশাবাদী।
এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও সিনেমার মুক্তির প্রস্তুতি চলছে। গ্যালাক্সি মিডিয়া এই দুটি দেশে সিনেমাটি পরিবেশন করবে। প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানান, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে ‘রাক্ষস’ মুক্তি পাবে এবং পরবর্তী সময় বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত এই রোমান্টিক অ্যাকশন-থ্রিলার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আর তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।