বলিউডে আলোচিত জুটি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমের গল্পে নতুন মোড়। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে দিল্লির একটি আদালত জামিন দিয়েছেন।
আদালতের যুক্তি অনুযায়ী, বিচার চলাকালীন নির্ধারিত সময়ের বেশি কাউকে আটক রাখা হলে ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। এই কারণে ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়েছে।
তবে জামিন পেলেও সুকেশ এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। তার বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ২৬টিতে জামিন মিললেও ৫টি মামলার বিচার ও আটকাদেশ এখনও বহাল রয়েছে।
এদিকে, জ্যাকুলিন এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, যা দিল্লি হাইকোর্ট খারিজ করেছে। এই রায়ের পর সুকেশের জন্য স্বস্তি এসেছে, তবে তার এবং জ্যাকুলিনের এই অধ্যায় কতো দূর গড়াবে, সেটাই এখন দেখার বিষয়।