পাবলিক পরীক্ষার পরিবেশ আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দেবে সরকার। এ জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী Anamul Haque Milon।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ টাউন হলে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে কেন্দ্রগুলো দূর থেকে পর্যবেক্ষণ করা সহজ হবে এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠলে সংরক্ষিত ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া যাবে।
তিনি জানান, যেসব প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে এই ব্যবস্থা নিতে পারবে না, তারা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে সরকারি সহায়তা পাবে।
পরীক্ষায় শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ডিভাইস ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান তিনি। পাশাপাশি পাবলিক এক্সামিনেশন সংক্রান্ত আইনকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকদের উৎসবভাতা বৃদ্ধির বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি জানান, ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মিড-ডে মিল ও পোশাকসহ বিভিন্ন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এসব কার্যক্রম শুরু হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে পূর্বের কিছু আর্থিক অসঙ্গতি সমাধান করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।