দর্শকদের চাহিদা বিবেচনায় দেশজুড়ে মাল্টিপ্লেক্স সম্প্রসারণ অব্যাহত রেখেছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর বাইরে বিভিন্ন শহরে নতুন শাখা চালুর ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আগামী ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এই নতুন শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে। শুরুতে প্রতিদিন দুটি শো চলবে দুপুর ও বিকেলে। তবে অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ শো চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকার সীমান্ত টাওয়ারে স্থাপন করা হয়েছে নতুন এই মাল্টিপ্লেক্স। এখানে মোট তিনটি হল রয়েছে, যার মধ্যে দুটি হলে ১৭৮টি করে আসন এবং আরেকটিতে ৭৫টি আসন রয়েছে।
প্রতিটি হলে আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা এবং আরামদায়ক বসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দর্শকরা উন্নত মানের সিনেমা উপভোগ করতে পারেন।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, চলচ্চিত্র শিল্পের বিকাশে উন্নত সিনেমা হলের বিকল্প নেই। তাই শুরু থেকেই আধুনিক প্রযুক্তি ও দর্শকসুবিধাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি বছরের মধ্যেই দেশের অন্যান্য শহরেও নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে। বড় শহরের পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও এই সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।