মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু করার জন্য কূটনৈতিক ও প্রশাসনিকভাবে চেষ্টা চলছে। একই সঙ্গে এই বাজারকে সিন্ডিকেটমুক্ত রাখার বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে ইতোমধ্যে পাঁচজনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের বাসিন্দা। ২০ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি সৌদি আরবে যান এবং দীর্ঘ ১৫ বছর প্রবাসজীবন কাটান।
পরিবারের স্বপ্ন ছিল ঈদের পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণ করবেন মামুন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন।
শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে রিয়াদের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়, যা সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছায়।